গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত তারেক টেকনাফ উপজেলার গোদারপাড় এলাকার মো. রফিকের ছেলে।
বিজিবি জানায়, রাত আনুমানিক ৮টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এসময় বিজিবির নারকোটিক্স ডগ “হেনরি” গাড়িটির সামনের অংশে সন্দেহজনক সংকেত দিলে বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকানো ১৬টি কাটুনে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। পরে গণনা করে মোট ৩২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অভিযান শেষে প্রাইভেট কার চালকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অভিযুক্ত ব্যক্তি বিজিবিকে জানিয়েছেন, হ্নীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’
উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেট কার ও মোবাইল ফোনসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।





