মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী যুদ্ধ’ অবসানের ডাক ইতালির প্রেসিডেন্টের

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা
ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা | ছবি: রয়টার্স
0

মধ্যপ্রাচ্যে চলমান ‘স্থায়ী যুদ্ধাবস্থা’ অবসানের আহ্বান জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। গত বুধবার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই আহ্বান জানান। ইতালির সংবাদ সংস্থা আনসা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে মাত্তারেলা লেবাননে দায়িত্বরত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী বা ইউনিফিল সেনাদের ওপর হামলাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালানোর পর এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে তেহরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে আয়োজিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন।

যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত রোববার পাকিস্তান হয়ে নিজেদের জবাব পাঠায় ইরান। তবে ডোনাল্ড ট্রাম্প সেই জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।

এএম