রাশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

ব্রিটেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস
ব্রিটেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস | ছবি: সংগ্রহীত
0

ব্রিটেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসকে ‘মোস্ট ওয়ান্টেড’ বা ফেরারির তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। আজ (বুধবার, ১৩ মে) রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফৌজদারি অপরাধের অধীনে তাকে এই তালিকায় রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কোন ধারায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ সংবাদমাধ্যমের দাবি, বেন ওয়ালেসের বিরুদ্ধে এই পদক্ষেপের মূলে রয়েছে সন্ত্রাসবাদ-সংক্রান্ত একটি মামলা। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি ইউক্রেন উপদ্বীপ ক্রিমিয়াকে ‘বসবাসের অযোগ্য’ করে তোলার জন্য সেখানে হামলার আহ্বান জানিয়েছিলেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করেই রাশিয়া আইনি ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওয়ালেসের সেই বক্তব্যকে ‘নির্বোধ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি মন্তব্য করেন, সাবেক পশ্চিমা কর্মকর্তাদের এমন বক্তব্য নিয়ে ক্রেমলিনের আলাদা করে মন্তব্য করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন না।

বেন ওয়ালেস ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার প্রতি কঠোর অবস্থানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

এএম