ম্যাজিক ফিগার ছুঁলেন বিজয়; তামিলনাড়ুতে কোয়ালিশন সরকারের পথে সুপারস্টার

বিজয় থালাপতি
বিজয় থালাপতি | ছবি: সংগৃহীত
0

তামিলনাড়ুতে সরকার গঠনের লড়াইয়ে অবশেষে সংখ্যাতত্ত্বের জটিলতা কাটিয়েছেন অভিনেতা ও রাজনীতিক বিজয়। কয়েক দিনের টানটান উত্তেজনার পর প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা বা ‘ম্যাজিক ফিগার’ নিশ্চিত করেছেন তিনি। এর ফলে রাজ্যটিতে প্রথমবারের মতো একটি জোট সরকার গঠিত হতে যাচ্ছে এবং বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হলো। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিধানসভায় প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে না পারায় গত কয়েক দিন বিজয়কে বেশ বেগ পেতে হয়েছিল। তবে আজ (শনিবার, ৯ মে) দুপুরে ভিদুতলাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থন দেয়ায় সেই সংকট কেটেছে। ভিসিকে প্রধান থল থিরুমাভালাভান তাদের দুই বিধায়কের সমর্থনের চিঠি বিজয়ের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন।

রাজ্যপাল আর ভি আরলেকারকে দেয়া সেই চিঠিতে ভিসিকে জানিয়েছে, তামিলনাড়ুতে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করার লক্ষ্যেই তারা সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিচ্ছে।

এর আগে বিজয়ের জোটে কংগ্রেসের ৫ এবং বাম দলগুলোর ৪ বিধায়কসহ মোট ১১৬ জনের সমর্থন ছিল। ভিসিকে’র ২ জন যুক্ত হওয়ায় এই সংখ্যা এখন ঠিক ১১৮–তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যা। জোটের সমীকরণ অনুযায়ী, বাম দলগুলো সরকারে না থাকলেও কংগ্রেস অন্তত দুটি মন্ত্রী পদ দাবি করেছে বলে জানা গেছে। এদিকে এআইএডিএমকে’র তিন বিধায়কও বিদ্রোহ করে বিজয়ের জোটে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

মাত্র দুই বছর আগে রাজনৈতিক দল খুলে তামিলনাড়ুর দীর্ঘ ৬২ বছরের প্রথাগত ডিএমকে ও এআইএডিএমকে আধিপত্য ভেঙে দিয়েছে বিজয়ের টিভিকে। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের দল একাই ১০৮টি আসন জিতে একক বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ডিএমকে ৫৯ এবং এআইএডিএমকে ৪৭টি আসনে নেমে আসায় দক্ষিণ ভারতের এই রাজ্যে এখন এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হলো।

এএম