২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর | ছবি: বাসস
0

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের বিশেষ আদেশ নম্বর-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী, ই-অকশন-৪/২০২৬ এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। নিলামে বিক্রি করা পণ্যগুলোর মধ্যে রয়েছে; বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস, এসি পার্টস ইত্যাদি। এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না।

এনবিআরের জারিকৃত নিলামের স্থায়ী আদেশ নং- ৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুসারে ই-অকশন-৫/২০২৬ এ ১৭ লটে ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। যার মধ্যে রয়েছে- বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি, লবণ ইত্যাদি।

আরও পড়ুন:

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এ নিলাম কার্যক্রম পরিচালিত হবে। নিলাম কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে পুরো মে মাসজুড়ে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। আগ্রহী ক্রেতাগণ ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন।

জামানতের পে-অর্ডার ও আনুষঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাগণকে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী ৯ জুন সকাল ১১টায় ই-অকশন-৪/২০২৬ এবং ১৪ মে দুপুর ৩টায় ই-অকশন-৫/২০২৬ এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিডারগণকে ই-অকশন পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ করা হয়।

চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জট মুক্ত করতে এ নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়।

এফএস