ফরিদপুরে এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিশু মুসলেমার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্যরা
শিশু মুসলেমার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্যরা | ছবি: এখন টিভি
0

ফেসবুকে লাইভ করে ‘মব সৃষ্টি করে’ গণপিটুনিতে নিহত ট্রাক চালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলেমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের এতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছেন উল্লেখ করে ওই শিশুর লালন-পালনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

তাৎক্ষণিকভাবে ওই শিশুর দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। সেইসঙ্গে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই শিশুকে নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করারও আশ্বাস দেন।

এসময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকতা রকিবুল হাসান জানান, ট্রাক চালক হান্নানের মৃত্যু ও তার পরিবারের বিষয়টি গণমাধ্যমে এলে সরকারের উচ্চ পযায়ের দৃষ্টিতে আসে। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কাছে নির্দেশনা আসে হান্নানের এতিম মেয়ের লালন পালনে খরচ বহনের, তারই অংশ হিসাবে আমরা এসেছি তাদের খোঁজ খবর নিচ্ছি, প্রাথমিকভাবে কিছু সহযোগিতাও করা হয়েছে।

উলেখ্য, গত শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ‘ট্রাকটি ২০ জনকে চাপা দিয়েছে’ এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায়ে স্থানীয়রা ইট-ব্লক ফেলে রাস্তা অবরোধ করে ট্রাকটি থামায়। পরে চালক হান্নান শেখকে নামিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএইচ