দিনাজপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত নারী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় তহুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জন।

আজ (সোমবার, ৪ মে) বীরগঞ্জ-খানসামা সড়কের সেলিমের ভাতার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোছা. তহুরা বেগমের। তিনি উপজেলার বীরগঞ্জ থানাধীন ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নখাপাড়া (মাদ্রাসা মোড়) গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুন:

এ ঘটনায় গুরুতর আহত তুহিন (২৪) ওই গ্রামেরই হোসেন আলীর ছেলে। তুহিন মাথায় গুরুতর আঘাত নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরে পুলিশি তৎপরতায় প্রাইভেট কারের চালক মো. আরাফাত জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার প্রসাদপাড়া গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ