‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে ইউনেস্কো ও টিআইবির আলোচনা সভা অনুষ্ঠিত

ইউনেস্কো ও টিআইবির আলোচনা সভা
ইউনেস্কো ও টিআইবির আলোচনা সভা | ছবি: সংগৃহীত
0

সাংবাদিক নির্যাতনের বাড়তি প্রবণতা এবং বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান আরও অবনতির প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আবারও আলোচনায় এসেছে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ তিন মাসেই দেশে সাংবাদিক নির্যাতনের অন্তত ১০৬টি ঘটনা ঘটেছে। আর সর্বশেষ সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম থেকে নেমে ১৫২তম হয়েছে। এই প্রেক্ষাপটে আজ (রোববার, ৩ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

সভায় বক্তারা বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা এখন শুধু জাতীয় নয়, বৈশ্বিক ইস্যু।’

বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইস জোর দেন সংবাদ উৎসের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর। অন্যদিকে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, ‘গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব নিশ্চিত করেই জনআস্থা বাড়াতে হবে।’

আরও পড়ুন:

এদিকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান ফাহিম আহমেদ অভিযোগ করেন, গণমাধ্যম খাতে সংস্কারের বদলে দখলদারিত্ব ও চাকরিচ্যুতির প্রবণতা বাড়ছে।

একইসঙ্গে সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নি বলেন, ‘কম বেতন কাঠামোর কারণে মেধাবীরা এ পেশায় আসতে নিরুৎসাহিত হচ্ছেন।’

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘সরকার গণমাধ্যমকে এগিয়ে নিতে কাজ করছে, তবে গণমাধ্যমকেও পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে ‘

এসময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারকেই উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’

এফএস