নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি | ছবি: এখন টিভি
1

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে সাত জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন— সাবরাং নয়াপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জেলেরা নাফ নদে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে ফেরার পথে হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকাসহ জিম্মি করে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ জেটি ঘাট |ছবি: এখন টিভি

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, জেলেরা নিয়মিত মাছ ধরতে নদীতে যান। আজও ভোরে তারা মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

আটক জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। আমরা খুব গরিব মানুষ। সে মাছ ধরে যা আয় করে, তা দিয়েই আমাদের সংসার চলে। তাকে না পেলে আমরা বাঁচবো কীভাবে?’

নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, ‘আমার নৌকা নিয়ে তারা মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত তাদের ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

আরও পড়ুন:

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি আমার নজরে এসেছে। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানার নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি যাচাই শেষে জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, ‘জেলেদের আটকের খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনতে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।’

এ ঘটনায় জেলেদের স্বজনদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে সীমান্তে এমন ঘটনা আরও বাড়তে পারে।

এসএইচ