মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। প্রথম দিকে কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। তবে ম্যাচের ৪৪তম মিনিটে নাটকীয়তা। বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় আর্সেনাল। স্পট কিক থেকে নিশ্চিতভাবে গোল করে দলকে এগিয়ে দেন ভিক্তর ইয়োকেরেশ।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অ্যাটলেটিকো। চাপ বাড়াতে থাকে একের পর এক আক্রমণে। অবশেষে ৫৬তম মিনিটে পেনাল্টি থেকেই সমতা ফেরান হুলিয়ান আলভারেস। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। ৬৩ মিনিটে এগিয়েও যেতে পারত অ্যাটলেটিকো, কিন্তু অঁতোয়ান গ্রিজমানের দুর্দান্ত শট লেগে যায় ক্রসবারে।
আরও পড়ুন:
শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও গোল আর পায়নি কোনো দল। এক পর্যায়ে আর্সেনাল পেনাল্টি পেলেও ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়।
ফলে প্রথম লেগ শেষ হয় ১-১ সমতায়। ম্যাচে হুলিয়ান আলভারেজ গড়েছেন ইতিহাস। দলের হয়ে এক মৌসুমে প্রথমবার ১০ বা তার বেশি গোল করলেন তিনি। একই সঙ্গে দক্ষিণ আমেরিকানদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ২৫ গোলের রেকর্ডও এখন তার দখলে।
অন্যদিকে আর্সেনাল ছুঁয়েছে নিজেদের পুরনো টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, যা শেষবার দেখা গিয়েছিল ২০০৫-০৬ মৌসুমে। ম্যাচে ১৮টি শট নিয়েও জয়ের দেখা পায়নি অ্যাটলেটিকো। আর ডেক্লান রাইস ছিলেন মাঝমাঠের নিয়ন্ত্রক। সবচেয়ে বেশি ৯৯ বার বল ছুঁয়েছেন তিনি। এখন সবকিছুর ফয়সালা হবে আগামী মঙ্গলবার, আর্সেনালের মাঠে ফিরতি লেগে।





