যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

যশোরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন নেতা কর্মীরা
যশোরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন নেতা কর্মীরা | ছবি: এখন টিভি
1

যশোরের শার্শায় উলাশী উপজেলার বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে এ খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এর আগে সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। যশোর বিমানবন্দর থেকে নেমেই প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন:

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাজার হাজার নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতারা তার সফরসূচি সফল করতে এরইমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।

খাল খনন কার্যক্রম উদ্বোধনের পর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি প্রথম খননের উদ্বোধন করেছিলেন ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

ইএ