তিন স্টেডিয়াম সংস্কারে বিসিবির উদ্যোগ—যা জানালেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান

স্টেডিয়ামের ছবি; ইনসেটে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বাবু
স্টেডিয়ামের ছবি; ইনসেটে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বাবু | ছবি: এখন টিভি
0

বগুড়া, নারায়ণগঞ্জ ও খুলনার মাঠ সংস্কারে শিগগিরই কাজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কী কী কাজ করা হবে, তার খসড়া পরিকল্পনা এখন টিভিকে দেয়া সাক্ষাতকারে তুলে ধরেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। অন্যদিকে, চট্টগ্রামে ফিল্ডিংয়ের সময় মাঠে থাকা পেরেক লেগে ডান হাতে নাহিদ রানার চোট পাওয়ার ঘটনা তদন্তের কথাও জানান তিনি।

দেশের অবহেলিত স্টেডিয়ামের তালিকা করলে একদম ওপরের দিকেই থাকবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। নারায়নগঞ্জের ফতুল্লা বা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকেও এ তালিকায় যুক্ত করা যায় অনায়াসেই। মাঠগুলোর উন্নয়নে এবার নজর দিচ্ছে বিসিবি।

সামনেই বগুড়ায় শুরু হবে নারী বিপিএল। এর আগেই সংস্কার কাজ শেষ করতে চায় বিসিবি। বগুড়ার মাঠকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিজেদের পুরো পরিকল্পনা এখন টিভির কাছে তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

তিনি বলেন, ‘উইমেন্স বিপিএল অনুষ্ঠিত হবে জুলাই মাসে। তার আগে মিনিমাম যে কাজগুলো করা যায়, সে কাজগুলো করার উদ্যোগ নেয়া হয়েছে এনএসসি এবং বিসিবি যৌথভাবে। আন্তর্জাতিক একটি ভেন্যুতে যে বিষয়গুলো থাকা প্রয়োজন, বিশেষ করে সেখানে ফ্লাড লাইট ছিল, সেটা খুলে নিয়ে আসছে, সেটাকে পুরায় স্থাপন, জায়ান্ট স্ক্রিন নেই, সেটা করা, আন্তর্জাতিক মানের ড্রেনেজ সিস্টেম এবং গ্যালারিতে শেড করা। কারণ এখানে প্রচণ্ড গরমে দর্শকরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেটা যেন না হয়, এর জন্যই এ ব্যবস্থা করা। আর মিডিয়া সেন্টারটা আরও সম্প্রসারণ করতে হবে।’

আরও পড়ুন:

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও ফতুল্লার মাঠেও শিগগিরই খেলা ফেরানোর আশ্বাস বিসিবির অ্যাড-হক কমিটির এই সদস্যের।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘খুলনার স্টেডিয়ামেরও বেহাল অবস্থা। সেটাও একটা আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল, কিন্তু এখন এখানে খুবই করুণ অবস্থা। পাশাপাশি আরেকটি স্টেডিয়ামের কথা না বললেই নয়, যে মাঠে আমাদের অনেক স্মৃতি জড়িত, সেটা হলো ফতুল্লা স্টেডিয়াম। এটার ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এনএসসি এবং বিসিবি যৌথভাবে পরিদর্শন করে যা যা করা দরকার, আমরা করবো ইনশাআল্লাহ।’

এদিকে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠের বোলিং মার্কে পেরেক লেগে ডান হাতে চোট পান নাহিদ রানা। এ ঘটনায় ক্রিকেটারদের প্রতি অযত্নের অভিযোগ ওঠে বিসিবির বিরুদ্ধে। এবার সেটি তদন্তের আশ্বাস দিলেন বাবু।

রফিকুল ইসলাম বলেন, ‘পেরেক বা এ জাতীয় কোনো জিনিস মাঠে থাকলে সেটা থেকে ইনজুরি হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা কীভাবে ঘটলো, সেটা আমরা তদন্ত করে দেখবো ইনশাআল্লাহ।’

এসএইচ