তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক। দেশটির পার্লামেন্টে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সব ধরনের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি বিল পাশ হয়েছে। নতুন এ আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোকে এখন থেকে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীর বয়স যাচাই, প্যারেন্টাল কন্ট্রোল টুল এবং ক্ষতিকর কন্টেন্ট দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা কার্যকর করতে হবে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তুরস্কে দুটি ভয়াবহ স্কুল শ্যুটিংয়ের ঘটনার পর এ বিলটি আনা হয়েছে। ওই ঘটনার নৃশংস ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ এরইমধ্যে ১৬২ জনকে গ্রেপ্তার করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ বিলটিতে সই করার জন্য ১৫ দিন সময় পাবেন। সম্প্রতি এক টেলিভিশন ভাষণে তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোকে ‘আবর্জনার স্তূপ’ হিসেবে অভিহিত করে এ আইনটির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নতুন এ আইনের আওতায় শুধু ফেসবুক-ইনস্টাগ্রাম নয়, অনলাইন গেমিং কোম্পানিগুলোকেও অপ্রাপ্তবয়স্কদের জন্য নিজস্ব বিধিনিষেধ আরোপ করতে হবে। নিয়ম অমান্য করলে বড় অঙ্কের জরিমানা এবং ইন্টারনেটের গতি বা ব্যান্ডউইথ কমিয়ে দেয়ার মতো শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়া এবং গেমিং প্লাটফর্মের সঙ্গে তুরস্ক সরকারের দ্বন্দ্ব নতুন কিছু নয়। ২০২৪ সালে হামাস সংশ্লিষ্ট কন্টেন্ট নিয়ে বিরোধের জেরে দেশটিতে ইনস্টাগ্রাম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এছাড়াও শিশুদের জন্য অনুপযুক্ত যৌন কন্টেন্ট এবং সমকামিতা প্রচারের অভিযোগে জনপ্রিয় গেম রোবলক্স নিষিদ্ধ করে তুরস্ক। ২০২৩ সালের বিধ্বংসী ভূমিকম্পের সময়ও বেশ কয়েকবার এক্স-এর অ্যাক্সেস সীমিত করেছিল সরকার।

গত বছর অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে। এরপর গ্রিস ও অস্ট্রিয়াও একই ধরনের আইন এনেছে। এমনকি যুক্তরাজ্যও বর্তমানে এ ধরনের কঠোর বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে।

এএইচ