সংরক্ষিত ফসলের পোকা দমন করবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত ‘গ্রেইন গার্ড’ ডিভাইস

‘গ্রেইন গার্ড’ ডিভাইস
‘গ্রেইন গার্ড’ ডিভাইস | ছবি: এখন টিভি
0

সংরক্ষিত ফসলের পোকা দমন করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা উদ্ভাবন করলো নতুন ডিভাইস ‘গ্রেইন গার্ড’। এ আধুনিক ও পরিবেশবান্ধব আল্ট্রাসনিক প্রযুক্তিনির্ভর ডিভাইস উদ্ভাবন করেছেন বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে একদল গবেষক।

আজ (বুধবার, ১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ মিলনায়তনে ‘গ্রেইন গার্ড’ প্রদর্শন ও সেমিনারে এসব তথ্য তুলে ধরেন গবেষক দলের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল।

গবেষকরা জানান, এ ডিভাইসটি উচ্চ-ফ্রিকোয়েন্সির এমন শব্দ তরঙ্গ উৎপন্ন করে যা মানুষের কানে শোনা যায় না, কিন্তু পোকামাকড়ের স্নায়ুতন্ত্র ও আচরণে বিরূপ প্রভাব ফেলে। এর ফলে পোকাগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, খাদ্য গ্রহণে ব্যাঘাত ঘটে এবং প্রজনন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়। ফলে তারা ধীরে ধীরে সংরক্ষিত শস্য থেকে দূরে সরে যায়। এই পদ্ধতিতে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করতে হয় না, তাই এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের জন্যও সম্পূর্ণ নিরাপদ একটি সমাধান হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইয়া। এতে বিএডিসি, বিনার প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

অধ্যাপক ড. আব্দুল আওয়াল জানান, এই প্রযুক্তির উন্নয়ন, নকশা প্রস্তুত, পরীক্ষামূলক বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ২ থেকে ৩ বছর সময় লেগেছে, যেখানে ডিভাইসটির কার্যকারিতা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধাপে পরীক্ষা ও সংশোধন করা হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্স ওন্ড ইনোভেশন সেন্টার পরিচালিত ‘ডেভলপমেন্ট অফ স্মার্ট আলর্ট্রাসনিক পেস্ট কন্ট্রোল সিস্টেম ফর পোস্ট হারভেস্ট লস রিডাকশন ইন স্টোর প্যাডি’ প্রকল্পটি বাস্তবায়নের জন্য অর্থায়ন করেছে ওয়ার্ল্ড ব্যাংক।

সার্বিকভাবে, ‘গ্রেইন গার্ড’ প্রযুক্তিটি কৃষিক্ষেত্রে পোস্ট-হারভেস্ট ক্ষতি কমানোর ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্ভাবন হিসেবে বিবেচিত হতে পারে, যা ভবিষ্যতে খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকে আরও নিরাপদ, কার্যকর এবং পরিবেশবান্ধব করে তুলতে সক্ষম।

অধ্যাপক আওয়াল জানান, এরই মধ্যেই এই ডিভাইসটি নিতে বিএডিসিসিহ বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। সরকারের অনুমোদন পেলে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব বলেও জানান তিনি।

এফএস