নিহতরা হলেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি জেলার ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপরজন শিপা আক্তার (৩২)। তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সারোয়ার কাইয়ুম নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শিপা আক্তার নামে এক নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, সিএনজি-লরি সংঘর্ষে নারীসহ দুইজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





