৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচের আগে শক্ত-পোক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।
যদিও সিনিয়র পর্যায়ে বাংলাদেশ-ভিয়েতনাম এখনও মুখোমুখি হয়নি। তাই ম্যাচটি নিয়ে আগেভাগেই সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তবে ঘরের মাঠে ম্যাচ হওয়ায় ভিয়েতনামকেই এগিয়ে রাখতে হবে।
র্যাংকিংয়ে ভিয়েতনাম এগিয়ে থাকলেও গত এক বছরে পাল্টে গেছে বাংলাদেশ দলও। হামজা-শোমিতরা যোগ দেয়ার পর বিদেশের মাটিতে অপ্রতিরোধ্য লাল-সবুজরা। সেই অনুপ্রেরণায় শক্তিশালী ভিয়েতনামকে তাদের মাটিতে হারানোর স্বপ্ন দেখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। হেড কোচ ক্যাবরেরা জানিয়েছেন, শক্তিশালী দল হিসেবে ভিয়েতনামকে সমীহ করে বাংলাদেশ।
আরও পড়ুন:
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা মনে করি ভিয়েতনাম এশিয়ার মধ্যে অন্যতম একটি দল। তাই এ ম্যাচটি আমাদের জন্য কঠিন হতে চলেছে। তবে গত ১ বছরে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে আমরা বিশ্বাস করি, এশিয়ার অন্যতম দলের সঙ্গে আমরা লড়াই করতে পারবো।’
এবার অবশ্য প্রথম থেকেই জায়ান-ফাহমিদুল-শোমিত শোমরা যোগ দিয়েছেন দলে। বোঝাপড়ায় সময়টা বেশি পেয়েছেন ফুটবলাররা। হামজাকে প্রথম থেকে না পেলেও তেমন কোনো প্রভাব পরবে না দলে। এক দিনের অনুশীলন শেষ করেই ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবেন লেস্টার সিটির অধিনায়ক।
এর আগের ম্যাচগুলোতে রক্ষণভাগ সামলানোর পাশাপাশি গোল করার কাজটাও করতে হয়েছে হামজা চৌধুরীকে। তবে এবার ফরোয়ার্ডদের নিতে হবে গোল করার দায়িত্ব। ফাহিম-মোরসালিন-ফাহমিদুলদের ম্যাচে রাখতে হবে ছাপ। সিঙ্গাপুর সফরের আগে ভিয়েতনামকে হারানো হতে পারে বাংলাদেশের বড় প্রস্তুতি।
অন্যদিকে ভিয়েতনাম শেষ তিন ম্যাচে টানা জয় পেয়েছে লাওস, মালয়েশিয়া ও নেপালের বিপক্ষে। কোচ কিম-সাং-সিকের দলটি রক্ষণ ও আক্রমণে বেশ সক্রিয়। তাই এই দুই জায়গাতেই পরীক্ষায় পড়বে বাংলাদেশের ফুটবলাররা।





