তিনি বলেন, ‘মোট ২০টি বিষয়ে আলোচনা দরকার মনে করেছি। এই ২০টি বিষয়ের বাইরে বাকি সবগুলো অধ্যাদেশে আমরা একমতে পৌঁছেছি। ২০টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা করা হবে ২৯ মার্চ।’
জয়নুল আবেদীন বলেন, ‘দুদকের নিয়োগ, আইজিপি নিয়োগ, গণভোটসহ কোনো বিষয়ে রহিত করনের বিষয়ে কোনো প্রস্তাব করেনি সরকার। গণভোটসহ যেকোনো অধ্যাদেশের বিষয়ে একমতে না আসা গেলে সিদ্ধান্ত নেবে সংসদ।’
আজ অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) প্রথম বৈঠকে প্রায় অর্ধেকের মতো অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। সংসদে দেয়া নির্দেশনা অনুযায়ী, ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার কথা।
আরও পড়ুন:
ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনেই এই বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। কণ্ঠভোটে তা অনুমোদন পায়।
সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে পাশ না হলে সেগুলোর আইনি বৈধতা থাকে না। এ কারণেই এগুলো বিশেষ কমিটিতে পাঠিয়ে যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ১২ মার্চ। ওই দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ, শোক প্রস্তাব এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনসহ একাধিক কার্যসূচি ছিলো।





