ঈদ পেরোতেই পুরোনো চিত্র। ফিলিং স্টেশনের সামনে লম্বা সারি। ফাঁকা নগরীতেও তেলের খোঁজে চালকরা।
রাজধানীর ফিলিং স্টেশনজুড়ে এখন ভোগান্তির গল্প।
বাইকারদের মধ্যে একজন বলেন, ‘অকটেনের জন্য বিভিন্ন পাম্পে গিয়েছি, পাম্পে যাওয়ার পর, সিরিয়াল ধরার পর তারা পাম্প বন্ধ করে দিয়েছে। আমাদের তেল দেয়নি।’
গেল রাতে জ্বালানি সংকট ও নিরাপত্তা ইস্যুতে ফেসবুকে বার্তা দেয় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে বাস্তবে ডিপো থেকেই তেল কম পাওয়ার অভিযোগ তাদের।
আরও পড়ুন:
গুলশান সার্ভিস ফিলিং স্টেশনের ক্যাশিয়ার উত্তম মণ্ডল বলেন, ‘গতকাল ডিপো বন্ধ ছিল, তেল আনতে পারিনি। আজ তেল নিয়ে আসছি, দিচ্ছি। যতক্ষণ থাকবে ততক্ষণ দেবো।’
ডিপোর প্রকৃত চিত্র জানতে ‘এখন টিভি’র গন্তব্য সিদ্ধিরগঞ্জ ডিপো। ডিপোতে তেল নেয়ার অপেক্ষায় শত শত লরি। তেল নিয়ে বেরোচ্ছে হাতে গোনা কয়েকটি গাড়ি। চালকরা বলছেন, সরবরাহ করা হচ্ছে কম।
লরি চালকদের মধ্যে একজন বলেন, ‘আমার গাড়ি হচ্ছে সাড়ে ১৩ হাজার লিটারের। আমাকে নয় হাজার লিটার তেল দিয়েছে। এই তেল দিয়ে পাম্প চালানো অসম্ভব হয়ে যাচ্ছে।’
লরির সঙ্গেই ঢাকা ফেরা। নগরীর কোথাও লম্বা লাইন, কোথাও বন্ধ পাম্প। এ অবস্থায় সংকট কাটবে? না কি বন্ধের শঙ্কায় পড়বে পাম্প? সেই প্রশ্ন এখন সংশ্লিষ্টদের।
আরও পড়ুন:





