ঈদে রাজধানীর বিনোদনকেন্দ্র ছিল উৎসবমুখর, প্রেক্ষাগৃহেও দর্শকের ঢল

ঈদে রাজধানীর বিনোদনকেন্দ্র ছিল উৎসবমুখর
ঈদে রাজধানীর বিনোদনকেন্দ্র ছিল উৎসবমুখর | ছবি: এখন টিভি
0

ঈদের দিন রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে উৎসবমুখর সময় কাটিয়েছেন রাজধানীবাসী। চিড়িয়াখানা, হাতিরঝিল কিংবা ধানমণ্ডি লেক, সবখানেই ছিল মানুষের ভিড়। দর্শকের ঢল নামে প্রেক্ষাগৃহেও। তবে সিনেমা দেখতে গিয়ে টিকিট জটিলতা ও কারিগরি ত্রুটি নিয়ে ছিল আক্ষেপ-অভিযোগ।

ঈদ আনন্দের প্রশান্তি নিয়ে দুপুর গড়াতেই রাজধানীর বিনোদনকেন্দ্রে ভিড় উৎসবপ্রিয় নগরবাসীর। বরাবরের মতোই আগ্রহের কেন্দ্রে মিরপুর জাতীয় চিড়িয়াখানা।

ঘুমন্ত বাঘ, দৌড়ঝাঁপ করা হরিণ, আর খাঁচার সামনে দাঁড়িয়ে প্রিয় প্রাণী দেখতে ব্যস্ত সব বয়সী মানুষ। পরিবার আর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগিতেই যেন ঈদের পূর্ণতা।

চিড়িয়াখানায় ঘুরতে আসা ব্যক্তিদের মধ্যে একজন বলেন, ‘আমরা পরিবারের সবাই আসছি। আমার মা, বাবা, বোন, ভাগনি, আমার মেয়েসহ আমরা সবাই আসছি। আমি এত বেশি খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

আরও পড়ুন:

ধানমণ্ডি লেকপাড়, হাতিরঝিল কিংবা উন্মুক্ত পার্ক, প্রিয়জনের সঙ্গে আড্ডা আর একটু স্বস্তির খোঁজে নগরজুড়ে মানুষের ঢল।

ঘুরতে আসা ব্যক্তিদের মধ্যে একজন বলেন, ‘সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্যই আজ এখানে আসা।’

মুক্ত আকাশের পাশাপাশি প্রেক্ষাগৃহেও দর্শকের ভিড়। ঈদের সিনেমা দেখতে আগ্রহ নিয়ে হলে হলে দর্শক। রেদওয়ান রনির দম, রায়হান রাফির প্রেসার কুকার, আর তানিম নূরের বনলতা এক্সপ্রেস আর রাক্ষসকে ঘিরে ছিল বাড়তি কৌতূহল।

তবে কারিগরি ত্রুটিতে প্রদর্শনী বন্ধ থাকায় বঞ্চিত হন মেগাস্টার শাকিব খানের প্রিন্স দেখতে আসা অনেক দর্শক। এতে ক্ষোভ আর আক্ষেপ দু’টই ছিল দর্শকদের কণ্ঠে।

আরও পড়ুন:

দর্শকদের মধ্যে একজন বলেন, ‘কষ্ট করে সেই মালিবাগ থেকে আসছি প্রিন্স দেখার জন্য। কিন্তু এখানেও প্রিন্স এখনো আসেনি।’

অনলাইনে মূল্য পরিশোধ করেও টিকিট না পাওয়ার অভিযোগ করেন অনেকেই।

নারীদের দর্শকদের মধ্যে একজন বলেন, ‘ওয়েবসাইটে ২ দিন আগে থেকেই চেষ্টা করছিলাম। কিন্তু ওয়েবসাইটে ঢোকাই যায় না।’

তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এসএস