মো. রাজিব আহসান বলেন, ‘রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালের ওপর দীর্ঘদিনের চাপ ও যানজট কমাতে এবং যাত্রীদের বিকল্প নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে এ বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। তাতে সদরঘাটমুখী সড়কগুলোতে যানজটও কমবে।’
তিনি বলেন, ‘শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। পরীক্ষামূলক এ সার্ভিস ঈদের আগ পর্যন্ত চালু থাকবে। ঘাটটির অবকাঠামো স্থায়ী ব্যবহারের উপযোগী করেই প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে এ সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ পূর্বাচলের ৩ শো ফিট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ায় শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা, নরসিংদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীরা এই ঘাট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’
এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, সংস্থাটির পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ফিতা কেটে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন।




