ইবির শিক্ষক রুনা হত্যাকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের কমিটি

ইবি শিক্ষক রুনা
ইবি শিক্ষক রুনা | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (শনিবার, ৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে রুনার নিজ অফিস কক্ষে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য- সচিব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশ |ছবি: সংগৃহীত

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।

এ ব্যাপারে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, চিঠিটি পাওয়ার পর এ কমিটির সদস্যদের সঙ্গে কথা হয়েছে। কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে এ হত্যাকাণ্ডের সঠিক ও সুষ্ঠু তদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এএইচ