বিজিবির অভিযানে ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বিজিবির লোগো
বিজিবির লোগো | ছবি: এখন টিভি
0

গেলো ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ১৬৯.৭২ গ্রাম স্বর্ণ, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ৪ হাজার ৯২০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৮৮৭ মিটার থান কাপড় এবং ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি কসমেটিক্স সামগ্রী। এছাড়া ২ হাজার ৪৬৪ পিস ইমিটেশন গহনা, ১৮ লাখ ৮৩ হাজার ৫৪৫টি আতশবাজি, ৩ হাজার ৬৪৬ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ৮ হাজার ৪৭৪ কেজি সুপারি ও ১৭ হাজার ৪৭২ কেজি কয়লাও জব্দ করা হয়েছে।

অভিযানে ৫৫ হাজার ২৬০ ঘনফুট বালু, ১৯৫টি মোবাইল ফোন, ৪ হাজার ৯২৮ পিস মোবাইল ডিসপ্লে, ৫ হাজার ৬৪৩টি চশমা, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ১ হাজার ২০৪ কেজি রসুন, ৩ হাজার ৫৫৬ প্যাকেট বীজ, ৪ হাজার ৭০১ কেজি সার এবং ২ হাজার ৩৯২ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। এছাড়া ৯৪ হাজার ২২৭ পিস চকোলেট, ৬৩৮টি গরু-মহিষ, ৩টি কষ্টিপাথরের মূর্তি জব্দ করা হয়েছে।

পরিবহন-সংশ্লিষ্ট জব্দ সামগ্রীর মধ্যে রয়েছে ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি ট্রাক্টর, ৭টি পিকআপ, ২টি প্রাইভেট কার/মাইক্রো বাস, ২টি ট্রলি, ২৯টি সিএনজি/ইজিবাইক, ৩৪টি মোটরসাইকেল এবং ২৬টি বাইসাইকেল/ভ্যান।

অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৩টি বিদেশি ও দেশিয় পিস্তল, ১টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, ৩ কেজি গানপাউডার, ২৪টি অন্যান্য অস্ত্র এবং ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপাদান।

বিপুল পরিমাণ মাদক জব্দ

গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ১০০ লিটার বাংলা মদ, ১ হাজার ৩৬৮ বোতল ক্যান বিয়ার এবং ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা।

এছাড়া ১ লাখ ৬১ হাজার ৮৫৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২১২ কেজি বিড়ি তৈরির মসলা, ১ লাখ ৯৯ হাজার ৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২ হাজার ৪৭৭ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ৩৬১টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২৫০ গ্রাম কোকেন এবং ৩ লাখ ১৯ হাজার ৮৬৩ পিস বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়েছে।

আটক ৩৫৪ জন

বিজিবি জানায়, ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ১৩৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এনএইচ