গ্যাস বিস্ফোরণ ঠেকাতে অবৈধ সংযোগের রেগুলেটর ধ্বংস

ধ্বংস করা হচ্ছে মানহীন রেগুলেটর
ধ্বংস করা হচ্ছে মানহীন রেগুলেটর | ছবি: এখন টিভি
0

গ্যাস বিস্ফোরণ প্রতিরোধে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ (সোমবার, ২ মার্চ) সকালে অভিযানের অংশ হিসেবে প্রধান কার্যালয়ে জব্দ করা ৫৮১টি অবৈধ সংযোগে ব্যবহৃত অনিবন্ধিত ও মানহীন রেগুলেটর ধ্বংস করা হয়।

এসময় কর্মকর্তাদের উপস্থিতিতে রোলার দিয়ে চাপ দিয়ে এসব সামগ্রী ধ্বংস করা হয়। এর আগে গত বছরের অক্টোবর মাসেও প্রায় সাড়ে চার হাজার অনিবন্ধিত রেগুলেটর ধ্বংস করেছিল বাখরাবাদ কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রকৌশলী সোলাইমান বলেন, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে মানহীন রেগুলেটর ধ্বংসের ফলে গ্যাস লাইনে বিস্ফোরণের ঝুঁকি কমবে। পাশাপাশি বৈধ গ্রাহকদের লাইনে গ্যাসের চাপও বৃদ্ধি পাবে। বর্তমানে বাখরাবাদের ৩০টি মনিটরিং টিম নিয়মিতভাবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন:

প্রকৌশলী সোলাইমান জানান, সাম্প্রতিক সময়ে কিছু অসচেতন অবৈধ গ্রাহক বাজার থেকে নিম্নমানের রেগুলেটর ব্যবহার করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিচ্ছেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বিস্ফোরণের মাধ্যমে প্রাণহানির ঘটনা ঘটছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক বিপণন মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক পরিকল্পনা উন্নয়ন মাহবুব আলম সিদ্দিকী ও মহাব্যবস্থাপক প্রশাসন নাহিদ বনী ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

ইএ