বাফুফের অব্যবস্থাপনায় খেলা হলো না নারী এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচ!

অব্যবস্থাপনায় এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবল দল | ছবি: এখন টিভি
0

নিজেদের সবচেয়ে বড় আসরের আগে অব্যবস্থাপনা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গী। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে বাংলাদেশের নারীরা উড়াল দিয়েছে ফিজিও ছাড়াই। সুযোগ পেয়েও খেলা হয়নি প্রস্তুতি ম্যাচ। সাবেক ফুটবলাররা যখন বিষয়টি দেখছেন অব্যবস্থাপনা হিসেবে, তখন বাফুফের কার্যনির্বাহী সদস্য সাইদ হাসান কানন বল ঠেলে দিলেন নারী উইংয়ের দিকে।

৪৬ বছর পর এশিয়ার মঞ্চে বাংলাদেশের ফুটবল। ১৯৮০ সালে সালাউদ্দিন-চুন্নুদের পর এবারে ঋতুপর্ণা-মনিকা-মারিয়ারা খেলবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে। তবে এত বড় অর্জনের আগে ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনা এবং পেশাদারিত্বের অভাব ভোগাচ্ছে নারী ফুটবলারদের। বড় আসরে বাংলাদেশের মেয়েরা খেলছে কোনো প্রকার ফিজিও ছাড়াই। সেইসঙ্গে ঘাটতি আছে প্রস্তুতি আর প্রীতি ম্যাচের।

শুধু ফিজিও সমস্যাই না। নিজেদের খামখেয়ালি আচরণের কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচও খেলা হয়নি তাদের। সাবেক গোলরক্ষক এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টু পুরো বিষয়টিকে দেখছেন পেশাদারিত্বের ঘাটতি হিসেবে।

আরও পড়ুন:

সাবেক ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘পেশাদারিত্বের অনেক বড় ঘাটতি। আপনি জানেন কখন কি করতে হবে। কার সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে হবে।’

তবে ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং সাবেক গোলরক্ষক সাঈদ হাসান কানন এমন পরিস্থিতির জন্য তীর ছুঁড়েছেন নারী উইং এবং বাফুফে সভাপতির দিকে।

বাফুফের কার্যনির্বাহী সদস্য সাঈদ হাসান কানন বলেন, ‘নারী উইং আর বাফুফের সভাপতি বিষয়টি ভালো বলতে পারে। আর আমরা এ বিষয় নিয়ে কাজ করি না।’

জুলফিকার মিন্টু হতাশা প্রকাশ করেছেন বাফুফের দায় চাপানোর সংস্কৃতি নিয়েও।

তিনি বলেন, ‘ফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, আবার হেড কোচ বলছেন তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে না। তাহলে এখানে সত্য বলছে কে? কোচ না ফেডারেশন। আসলে কে সত্য বলছে। যেকোনো একজন তো মিথ্যা বলছে। কী কারণে এগুলো হচ্ছে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে।’

যদিও কোচিং পেশায় থাকা দুই কোচের ভাষ্য, সবকিছু পেছনে ফেলে মাঠের ফুটবলেই নজর দেয়া উচিত লাল-সবুজের প্রতিনিধিদের।

জেআর