Recent event

নেত্রকোণায় অবৈধভাবে বালু উত্তোলনে তিনজনের ২ মাসের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কলমাকান্দা সদর ইউনিয়নের দিনমজুর শ্রমিক ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)।

আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা তিনটি হ্যান্ডট্রলি গাড়িতে মোট ১৫০ ঘনফুট বালু ছিল। আদালতের নির্দেশে বালুভর্তি গাড়িগুলোও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দুপুরেই নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজামূল ইসলাম বলেন, ‘সম্প্রতি গভীর রাতেও হ্যান্ডট্রলি গাড়ির শব্দে আমরা ঘুমাতে পারছিলাম না। এ নিয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবহিত করি। এর প্রেক্ষিতেই আজ উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।’

স্থানীয়দের একাংশের মতে, নদী ও পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ জরুরি। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং পরিবেশ ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এসএস