Recent event

ইংলিশ ক্লাব গ্লুস্টার সিটিতে যোগ দিলেন কিউবা মিচেল

কিউবা মিচেল
কিউবা মিচেল | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন বাংলাদেশের কিউবা মিচেল। নতুন অধ্যায়কে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ বলে মানছেন তিনি। মৌসুমের বাকি সময় দলের জয়ে অবদান রাখতে চান এই তরুণ তুর্কি।

ইংল্যান্ডে নিজের পরিচিত আঙ্গিনায় ফিরছেন বাংলাদেশি ফুটবলার কিউবা মিচেল। বড় প্রত্যাশা নিয়ে গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে প্রতিকূল আবহাওয়া, ভিন্ন পরিবেশ এবং মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ সব মিলিয়ে ছয় মাসের বেশি স্থায়ী হয়নি তার বাংলাদেশ অধ্যায়।

চলতি বছরের ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করেন কিউবা। এরপরই ফিরে যান ইংল্যান্ডে।

এবার তিনি যোগ দিয়েছেন ইংল্যান্ডের সপ্তম স্তরের দল গ্লুস্টার সিটিতে। নতুন এই অধ্যায়কে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন কিউবা। ক্লাবের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি।

আরও পড়ুন:

কিউবা মিচেল বলেন, ‘দলে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। মৌসুমের বাকি সময়ে দলের সাফল্যে অবদান রাখতে চাই।’

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতেও এর মধ্যে অভিষেক হয়েছে তার। গত নভেম্বরে নেপালের বিপক্ষে প্রথমবার মাঠে নামেন তিনি। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়েও ছিলেন দলের অংশ যা ছিল ২২ বছরে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।

বর্তমানে দক্ষিণ প্রিমিয়ার বিভাগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্লুস্টার সিটি। উন্নীত হওয়ার লড়াইয়ে থাকা দলটির সাফল্যে ভূমিকা রাখতে চান কিউবা মিচেল। ইংল্যান্ডে নতুন মিশনে কতটা সফল হন এই তরুণ মিডফিল্ডার এখন সেটাই দেখার।

এসএস