Recent event

‘বিরোশ’ হচ্ছেন বিজয়-রাশমিকা; বিয়েতে যত আয়োজন, কত খরচ?

বিজয়-রাশমিকা
বিজয়-রাশমিকা | ছবি: এখন টিভি
1

দক্ষিণি সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। এত দিন নীরব থাকলেও রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তায় তারা জানান, জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের এ ঘোষণা ভক্তদের কৌতূহলকে দিল আনুষ্ঠানিক স্বীকৃতি। সব কিছু ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা।

আগামীকাল (২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে বিয়ের বিভিন্ন আচার। দুই পরিবারের নিজস্ব রীতিনীতি মেনে আলাদা আয়োজনও হয়েছে—একটি রাশমিকার পরিবারের উদ্যোগে, অন্যটি বিজয়ের পরিবারের পক্ষ থেকে।

বিয়ের ভেন্যুতে নিশ্ছিদ্র নিরাপত্তা

ভারতের উদয়পুরে এখন নিশ্ছিদ্র নিরাপত্তা। মহারাণা প্রতাপ বিমানবন্দরে ব্যস্ততা তুঙ্গে। এরই মধ্যে হায়দরাবাদ থেকে উদয়পুরে পৌঁছে গিয়েছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের আয়োজনের বিশেষ দিক হলো, কড়া গোপনীয়তা। বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিজয়-রাশমিকার বিয়ের রিসোর্টের ভাড়া কত?

জানা গেছে, উদয়পুর সিটি প্যালেসে বিয়ের আসর বসছে না। মূল শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়ের কোলে এক সুসজ্জিত রিসোর্টে বসবে তাদের বিয়ের আসর। শহরের কোলাহল থেকে দূরে ‘মেমেন্টোস’ নামের বিলাসবহুল রিসোর্টে হবে আয়োজন। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো রিসোর্টটি ভাড়া নিয়েছেন তারা। সেখানে প্রায় ১০০টি ভিলা থাকলেও অতিথির তালিকায় নাম রয়েছে মাত্র ৫০ জনের। শুধু ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরাই সেখানে উপস্থিত থাকবেন। তবে রিসোর্টে থাকার খরচ কিন্তু নেহাত কম নয়। এই রিসোর্টের একেকটি কক্ষের প্রতি রাতের ভাড়া প্রায় ৩৭ হাজার থেকে ৫৭ হাজার রুপি পর্যন্ত।

বিজয়-রাশমিকা |ছবি: সংগৃহীত

দাওয়াত খাবেন কিন্তু— নো ফোন, নো লিক

বিয়েরে পুরো অনুষ্ঠানে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি যারা ছবি বা ভিডিও ধারণ করবেন, তাদেরও ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়েছে। অর্থাৎ ‘নো ফোন, নো লিক’ নীতিতেই হচ্ছে এ বহুল আলোচিত আয়োজন।

‘বিরোশ’ নামেই বিয়ের ঘোষণা

ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’—দুজনের নাম মিলিয়ে তৈরি এ সম্বোধনকেই বিয়ের আনুষ্ঠানিক পরিচয় হিসেবে বেছে নিয়েছেন তারকা জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লেখেন, ‘আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে—বিরোশ।’

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মুহূর্তে ভক্তদের সেই নামকেই ধারণ করে তারা বিয়ের ঘোষণা দেন। ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতাও জানান, ‘তোমরা আমাদেরই অংশ। অনেক ভালোবাসা ও আলিঙ্গন।’

হায়দরাবাদে বিবাহোত্তর সংবর্ধনা

বিজয় ও রাশমিকার বিবাহোত্তর সংবর্ধনা বা প্রীতিভোজের অনুষ্ঠান হবে আগামী ৪ মার্চ হায়দরাবাদে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রীতিভোজের একটি আমন্ত্রণপত্রও ছড়িয়ে পড়েছে, যেখানে এমনটাই উল্লেখ করা হয়েছে। যদিও সেই আমন্ত্রণপত্রের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। বিয়ের খবরে সিলমোহর দিলেও বিয়ের সঠিক স্থান বা তারিখ নিয়ে বিজয়-রাশমিকা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

বিজয়ের রাশমিকা জয়ের শুরুর গল্প

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীতা গোবিন্দাম’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছিলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রোমান্টিক ধাঁচের এ ছবিতে তাদের প্রাণবন্ত অভিনয় ও সহজাত রসায়ন মুহূর্তেই দর্শক মনে জায়গা করে নেয়।

বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের জুটি নিয়ে শুরু হয় আলোচনা। এরপর ‘ডিয়ার কমরেড’-এ আবারও জুটি বাঁধেন তারা। এরপর আর পেছনে ফিরতে হয়নি। দুই ছবির পর থেকেই পর্দার রসায়ন বাস্তবে রূপ নেয়। তবে নিজ মুখে দু’জনেরই কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। অবশেষে সেই সম্পর্ক গড়াচ্ছে বিয়ের আসরে।

আসু