Recent event

শিক্ষাখাতে তদবির বাণিজ্য ও দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না: এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন | ছবি: এখন টিভি
0

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেয়া হবে না। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিক্ষায় কোনো দুর্নীতি হওয়া উচিত না সেটা আর হতে দেয়া হবে না। বিগত সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘এ মন্ত্রণালয়ে আর কোনো দুর্নীতি হবে না। আগে দায়িত্ব থাকার সময়ও কেউ দুর্নীতি করতে পারেনি। এবারও পারবে না।’

শিক্ষার মান নিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, সার্টিফিকেট নয় সক্ষমতাকে মূল্যায়ন করা হবে। একই সঙ্গে কারি ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘মব করে পরীক্ষা বন্ধ করে দেয়া কাঙ্ক্ষিত ছিলো না। শিক্ষক ক্লাস বাদ দিয়ে রাজপথে থাকবে সেটা হতে পারে না, সেই ম্যাসেজই দেয়া হয়েছে। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না।’  

এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ে অধীন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে।’

এএম