Recent event

সচিবালয়ে প্রথম কর্মদিবসে যা বললেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নবনিযুক্ত মন্ত্রীরা
নবনিযুক্ত মন্ত্রীরা | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এসময় তারা প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও জনকল্যাণমুখী উন্নয়নকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ জনগণের সেবা করা।’

নিজ দপ্তরের যোগ দিয়ে যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করবে সরকার।’

পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী সরকার পরিচালনায় কাজ করবো।’

কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কৃষিকার্ড বিতরণ করা হবে।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমার ওপর প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো। সব কিছুর ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।’

আরও পড়ুন:

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছে তাদের কথা স্মরণে রেখেই কাজ করবো। চ্যালেঞ্জ আছে পাহাড় সমান, যে মানুষের প্রত্যাশা তা পূরণে নিরন্তরভাবে কাজ করে যাব।’

বিমানের টিকেট নিয়ে তৈরি হওয়া সিন্ডিকেটের বিষয়ে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিমানের টিকেট নিয়ে তৈরি হওয়া সিন্ডিকেট ভাঙার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রীদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষায় কোনো দুর্নীতি হবে না এটা ফাইনাল। দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের জাম্প দিতে হবে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘জনগণের অভিপ্রায় অনুযায়ী কাজ করবো। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো। সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ার লক্ষে কাজ করব।’

স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে ভিজিট শুরু করবো হাসপাতালগুলোতে। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো।’

এফএস