Recent event

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত সরকারের

এনবিআর ভবন, বাংলাদেশ সরকারের লোগো
এনবিআর ভবন, বাংলাদেশ সরকারের লোগো | ছবি: সংগৃহীত
0

বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্পখাত এবং গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল এবং জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকার জনস্বার্থে এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলপিজি অপারেটরস আসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে সরকার ১৬ ফেব্রুয়ারি পৃথক দুটি প্রজ্ঞাপণ জারির মাধ্যমে ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে এলপিজি আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

আরও পড়ুন:

আরও বলা হয়, আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ পূর্বক স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পরে স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজিত হয় তার ওপর কোনো ভ্যাট কার্যকর রইলো না।

এছাড়া প্রজ্ঞাপণ দুটি কার্যকরের তারিখ হতে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে পূর্বের তুলনায় ভোক্তা সাধারণের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে বলেও বিজ্ঞপ্তিতে জানায় এনবিআর।

এসএইচ