Recent event

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোস্তফা কামাল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইছাখালী এলাকার ‘সাদাঘোনা’ নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ওই এলাকার স্থানীয় বাসিন্দা মুক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একই এলাকার সাহেদ মিস্ত্রীর ছেলে সুলতান আহমদের সঙ্গে তুচ্ছ একটি বিষয় নিয়ে কামালের বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে সুলতান প্রথমে লাঠি দিয়ে কামালকে আঘাত করেন এবং পরবর্তীতে ধারালো ছুরি দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করেন।

ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কামালকে উদ্ধার করে দ্রুত ঈদগাঁওর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তাৎক্ষণিক অভিযানে ঘাতক সুলতানকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান ঘটনায় অভিযুক্ত সুলতানকে ইতিমধ্যে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ