Recent event

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১১ আসনে বিএনপি জয়ী, জামায়াত ৬৮

বিএনপি ও জামায়াতের লোগো
বিএনপি ও জামায়াতের লোগো | ছবি: এখন টিভি
1

অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে ২৯৯ আসনের মধ্যে ২১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে জয় পেলেও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে দুটি আসনে (চট্টগ্রাম-২ ও ৪) ফল ঘোষণা স্থগিত থাকবে।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।

সবমিলিয়ে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটের হার ৫৯.৪৪ শতাংশ

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সারা দেশের ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে যে, এবারের নির্বাচনে ভোটদানের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

দুটি আসনের ফল স্থগিত

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফল চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল মামলা-সংক্রান্ত কারণে স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন।

এছাড়া শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে আগেই ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

১৮ মাস পর নির্বাচন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। তাদের অধীনেই দীর্ঘ ১৮ মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছিল। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল সকালে গুলশানে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে বলেন, ‘আজকের দিনটি নতুন বাংলাদেশের জন্মদিন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।’

এনএইচ