Recent event

জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে: সাকি

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি | ছবি: এখন টিভি
2

নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জামায়াতে ইসলামীর পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে এসে অনেক পুরনো পদ্ধতি-কৌশল, সেগুলো অবলম্বন করা হচ্ছে। যার মধ্যে দিয়ে জনগণের ভোটের চাইতে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে কোনো কোনো দলের আস্থা বেশি। বিশেষভাবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের এ ধরনের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে। বাঞ্ছারামপুরেও আমরা তার নানা রকম লক্ষণ দেখছি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সারা দেশে নানাভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা পরিকল্পনা নেয়া হয়েছে। অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেয়া, কালি মুছার জন্যে মেডিসিন নিয়ে আসা; একই ব্যক্তিকে ভোট দেয়ানো, ইচ্ছাকৃতভাবে কেন্দ্রে মব তৈরি করা এবং সেগুলো দিয়ে প্রচার করে ভোটারদের বাধাগ্রস্ত করাসহ এরকম বিভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন একটি দলের পক্ষে প্রভাবিত হলে অনেক কিছু তারা দেখবে না। জাল ভোট দেয়া, কেন্দ্র দখলের পরিকল্পনা, কালো টাকার ছড়াছড়ির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচ