Recent event

নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন | ছবি: সংগৃহীত
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী প্রদানের কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২-০৪৬২৩২ ও ০১৬১২-৬৭৭০৭৪ নম্বর দু’টি ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।

আরও পড়ুন:

এতে আরও বলা হয়, এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো- আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে এই ধরনের প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ জাতীয় জালিয়াতি এড়াতে সকলকে সর্বোচ্চ সচেতন থাকতেও বলা হয়েছে।

এএইচ