গতকাল (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুকুরপাড় এলাকার একটি মার্কেটের দুটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি ইজি বাইক বিক্রয় কেন্দ্র ও একটি ইলেকট্রনিকস ও হার্ডওয়্যার দোকান।
ইজি বাইক বিক্রয় কেন্দ্রের মালিক মো. আ. কাদির জানান, তার দোকানে থাকা দুটি ইজি বাইক ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া একই মার্কেটের বিসমিল্লাহ ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যার দোকানের মালিক মো. শরিফুল ইসলাম রুবেল জানান, তার দোকানে থাকা আনুমানিক ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ বলেন, ‘রাত ৮টা ৪৯ মিনিটে আমরা খবর পাই যে গাইটাল এলাকার একটি দোকানে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একটি হার্ডওয়্যার দোকান ও একটি ইজি বাইক বিক্রয় কেন্দ্রে আগুন লেগেছিল। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা হলেও চূড়ান্ত হিসাব তদন্ত শেষে জানা যাবে।





