Recent event

সংসদ নির্বাচন: বিটিভিতে ফিরছে দলীয় প্রধানদের ভাষণ

নির্বাচন ভবন; বিটিভির লোগো
নির্বাচন ভবন; বিটিভির লোগো | ছবি: সংগৃহীত
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বিটিভিকে চিঠি দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসি।

ইসি সূত্র জানায়, নির্বাচনে অংশ নেয়া দলগুলোর প্রধানদের বক্তব্য প্রচারে সমান সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ। আবেদনের ভিত্তিতে সবার আগে ৯ ফেব্রুয়ারি বিএনপির দলীয় প্রধানের ভাষণ প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নিবন্ধিত এসব দলের মধ্যে কতটি দলের প্রধানের ভাষণ কখন এবং কোন দিনে প্রচার করা হবে—সে বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার শেষ সময়ে প্রধান কয়েকটি দলের শীর্ষ নেতাদের ভাষণ বিটিভিতে প্রচার করা হয়েছিল। একই ধারাবাহিকতায় দশম সংসদ নির্বাচনের আগেও এ ধরনের ভাষণ সম্প্রচার হয়। সে সময় এ-সংক্রান্ত নীতিমালাও চাওয়া হয়েছিল বিটিভির পক্ষ থেকে। তবে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এই প্রথা আর অনুসরণ করা হয়নি। এবার দীর্ঘ বিরতির পর আবারও তা চালু হতে যাচ্ছে।

আরও পড়ুন:

ইসি কর্মকর্তারা জানান, দলীয় প্রধান বা তাদের প্রতিনিধির ভাষণ প্রচারের বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব থাকবে বিটিভির ওপর। কোন দল নির্বাচনে অংশ নিচ্ছে, কত আসনে প্রার্থী দিয়েছে—এসব বিষয় বিবেচনায় নিয়ে অতীতের ধারাবাহিকতা অনুযায়ী সিদ্ধান্ত হতে পারে।

ভোটের আগে প্রচারণার শেষ সময় ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা। সে কারণে ৯ ও ১০ ফেব্রুয়ারির মধ্যেই ভাষণ প্রচারের কাজ শেষ করতে চায় বিটিভি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘দলীয় প্রধানদের ভাষণ সম্প্রচারের বিষয়ে একটি প্রস্তাবনা ইসির কাছে এসেছে। অনুমোদন মিললে বিটিভিকে চিঠি দেয়া হবে। কীভাবে সমন্বয় হবে এবং দলগুলোর আবেদন বিবেচনা—এসব বিষয় বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে।’

এনএইচ