Recent event

৩ দাবিতে ইসি ভবনের সামনে নির্বাচন পর্যবেক্ষকদের মানববন্ধন

নির্বাচন পর্যবেক্ষকদের মানববন্ধন
নির্বাচন পর্যবেক্ষকদের মানববন্ধন | ছবি: সংগৃহীত
0

মাঠপর্যায়ে যাতায়াত-খাবার ভাতা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতসহ তিন দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে মানববন্ধন করেছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সমানে সংগঠনটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিনের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মাঠপর্যায়ের পর্যবেক্ষকরা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইওএসের নেতারা জানান, এবারের নির্বাচনে কমিশন সারা দেশে প্রায় ৫৫ হাজার স্থানীয় পর্যবেক্ষকের তালিকা অনুমোদন দিয়েছে, যার মধ্যে তাদের অধীনেই রয়েছে প্রায় ৩৭ হাজার পর্যবেক্ষক।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য বড় বাজেট থাকলেও স্থানীয় পর্যবেক্ষকদের ক্ষেত্রে কোনো আর্থিক সহায়তা না থাকাকে ‘বৈষম্যমূলক’ হিসেবে অভিহিত করেছেন তারা।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে পর্যবেক্ষকদের প্রধান ৩ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— মাঠপর্যায়ে পর্যবেক্ষকদের জন্য ন্যূনতম যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যয় নির্বাহে জরুরি তহবিল বরাদ্দ করা; দায়িত্ব পালনকালে কোনো ধরনের বাধা বা আক্রমণকে বেআইনি ঘোষণা করে দ্রুত পরিপত্র জারি করা; অনলাইন আবেদন প্রক্রিয়ার জটিলতা নিরসনে আবেদনের সময়সীমা বৃদ্ধি এবং অফলাইনে পরিচয়পত্র ও স্টিকার সংগ্রহের ব্যবস্থা করা।

মানববন্ধনে বক্তারা জানান, অধিকাংশ পর্যবেক্ষক সংস্থা নতুন হওয়ায় তাদের নিজস্ব তহবিল নেই। এ অবস্থায় কোনো প্রকার আর্থিক সহায়তা বা নিরাপত্তা ছাড়া হাজার হাজার পর্যবেক্ষকের পক্ষে কার্যকরভাবে দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

কর্মসূচিতে উপস্থিত পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, ‘অযৌক্তিক কোনো দাবি নয়, বরং নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় নিয়োজিত মাঠপর্যায়ের কর্মীদের ন্যূনতম সুরক্ষা ও সহায়তার দাবি জানাচ্ছি আমরা।’

ইসিতে স্মারকলিপি জমা দেয়ার সময় ইওএস সভাপতি মো. ইকবাল হোসেন হীরা, প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম আপ্পি এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আমিনসহ স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এসএইচ