Recent event

‘নারীদের কর্মসংস্থান-সামাজিক ভূমিকা নিয়ে বক্তব্য সংযত ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন’

নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগে মির্জা আব্বাস
নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগে মির্জা আব্বাস | ছবি: এখন টিভি
1

নারীদের কর্মসংস্থান ও সামাজিক ভূমিকা নিয়ে যেকোনো বক্তব্য সংযত ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও বাজার এলাকায় গণসংযোগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘নারীদের কর্মসংস্থান ও সামাজিক ভূমিকা নিয়ে যেকোনো বক্তব্য সংযত ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। দেশের সমাজব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ নারীদের সম্মান ও সম-অধিকার নিশ্চিত করার কথাই বলে। এ বিষয়ে তিনি সচেতন দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।’

তিনি বলেন, ‘বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে কিংবা অসত্য প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। জনগণ সঠিক তথ্য ও স্বচ্ছ রাজনীতিই প্রত্যাশা করে।’

তিনি আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল নিজেদের অবস্থান সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাস প্রকাশ করছে। এ বিষয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।’

আরও পড়ুন:

নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, ‘আচরণবিধিতে সব প্রার্থীর জন্য সমান নিয়ম প্রযোজ্য। আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়িত হলে নির্বাচনি পরিবেশ আরও ইতিবাচক হতে পারে।’ এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচনি আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়ন করা এবং অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা—এমন মন্তব্যও করেন তিনি। তিনি জানান, এ সংক্রান্ত কিছু বিষয় এরই মধ্যে কমিশনের নজরে আনা হয়েছে।

ভোটার তালিকা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আমি মনে করি, ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় কিছু অসংগতি রয়েছে। তালিকাটি আরও যাচাই-বাছাই করা হলে প্রকৃত ভোটার নিশ্চিত করা সহজ হবে।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান তিনি। এসময় গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এ দিন বিকেলে তিনি আউটার সার্কুলার রোড, রাজারবাগ গ্লোব নিবাস এবং নাভানা বিল্ডিং সংলগ্ন এলাকায় একাধিক উঠান বৈঠকেও অংশ নেন।

এসএইচ