Recent event

জাকসু নির্বাচন বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের মিছিল
ছাত্রদলের মিছিল | ছবি: সংগৃহীত
1

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন বাতিল করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নতুন কলাভবন সংলগ্ন কবির সরণি থেকে এ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাদী, এজিএস প্রার্থী সাজ্জাদ। ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এ মিছিল নিয়ে ট্রান্সপোর্ট চত্বর হয়ে চৌরঙ্গী গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

ট্রান্সপোর্টে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, ‘ছাত্রদল সর্বপ্রথম জাকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছিল। আমরা বিশ্বাস করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে।’

তিনি বলেন, ‘কিন্তু দুঃখের বিষয় তারা প্রথম থেকেই তা করেনি। আজ সকালে যখন আমাদের পোলিং এজেন্টরা হলে হলে যায় তখন তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।’

তিনি আরও বলেন, ‘ভোট নিয়ে অনিয়ম ও কারসাজি হয়েছে। জাহানার ইমাম হল, বঙ্গমাতা হলসহ অনেক হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল ও ভুয়া ভোট দেয়া হয়েছে। প্রশাসনের রিটার্নিং কর্মকর্তার প্রত্যক্ষ মদদে ভোট জালিয়াতি করা হয়েছে।’

আরও পড়ুন:

ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক বলেন, ‘ছাত্রশিবিরের কাছে অতিরিক্ত ব্যালট দিয়ে ভুয়া ভোট দেওয়ানো হয়েছে। ছাত্রী সংস্থাকে দিয়ে কারচুপি করানো হয়েছে।’

তিনি বলেন, ‘অবিলম্বে এ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।’

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রদল মনোনীত প্যানেল এক সংবাদ সম্মেলনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে জাকসু নির্বাচন বয়কট করে।

এরপর, আরও অন্তত তিন প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একই অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

এসএস