Recent event

দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে হানাদর মুক্ত দিবস পালন করলো বিএনপি

0

দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালন করলো বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার উদ্যোগে বিজয় র‌্যালি বের করা হয়।

আজ (বুধবার, ১১ ডিসেম্বর) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালেক মন্ডল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, 'বিগত প্রায় ১৬ বৎসরে ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় করণের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে। আমরা বর্তমান সরকার কাছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছি।'

এদিকে র‍্যালি চলাকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে নেতৃবৃন্দদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এসএস