"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি"
কবির কলমে উঠে আসা বাংলাদেশের সেই রূপ সৌন্দর্য গল্প হয়তো অনেক বিদেশির জানা। দেশের পর্যটন শিল্পে বিদেশিদের অবদান ৫ শতাংশের নিচে। যেখানে দক্ষিণ প্রতিবেশি কয়েকটি দেশের বৈদেশিক আয়ের একটি বড় অংশ আসে পর্যটন শিল্প থেকে। কেন বাংলাদেশ বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারছে না তার উত্তর দিলেন খাত সংশ্লিষ্টরা।
জানালেন, ভিসা সুবিধাসহ বিদেশি পর্যটকদের নিরাপত্তার কথা।
সরকারি হিসেবে প্রতি বছর ৫০ লাখের বেশি মানুষ বিদেশে যায় ঘুরতে। যার মধ্যে ইউরোপ যেমন রয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিও আগ্রহের কমতি নেই। তাই আন্তর্জাতিক পর্যটন মেলায় এসে সাধ আর সাধ্যের মিলন ঘটাতে অনেকেই স্টল ঘুরে পছন্দের প্যাকেজ নির্বাচন করছেন। এছাড়া মেলায় বিভিন্ন দেশের বিভিন্ন স্পেশালিস্টদের সাথে কথা বলে জেনে নিচ্ছেন খুঁটিনাটি বিষয়গুলো।
মেলায় ৮টি দেশের ১৪৬টি স্টলে ভিসা সুবিধা, প্লেন টিকেট সুবিধা, হোটেল, মেডিকেল সুবিধাসহ বিভিন্ন অফার দিয়ে সাজানো হয়েছে।
বিদেশি পর্যটক টানতে কৌশল গ্রহণের পরামর্শ ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শিবলুল আজম কোরেশির। এছাড়া ছোট তথ্যচিত্র করে বিদেশি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করারও পরামর্শ তাদের।
সরকারি পলিসির পরিবর্তন হলে দেশে বিদেশি পর্যটক আকৃষ্ট হবে এমনটাই ধারণা পর্যটন ব্যবসায়ীদের।





