রেফারি শেষ বাঁশি বাজানোর কয়েক মুহূর্ত পরেই আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও স্পেনের এরিক গার্সিয়ার মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পারেদেস গার্সিয়ার গলা চেপে ধরেন। এরপর গাভিকে ঠেলে ফেলে দেন মাঠে। এ ঘটনায় দুই দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। এ ঘটনায় পারেদেসকে লাল কার্ড দেখান রেফারি। ঘটনার জেরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফিফা। হাতাহাতিতে সহকারী কোচ রবার্তো আয়ালার জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া নাহুয়েল মোলিনার আচরণও পর্যালোচনায় রাখা হয়েছে। তিনি স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুসি মারতে উদ্যত হয়েছিলেন। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণেরও মূল্যায়ন করতে যাচ্ছে ফিফা। কারণ স্পেন যখন শিরোপা উঁচিয়ে ধরছিল, তখন বেশ কয়েকজন ফুটবলার পেছনের দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন। এমন আচরণ সমালোচনার জন্ম দেয়।





