বিশ্বকাপ ফাইনালের পর স্পেনে উৎসব, আর্জেন্টিনায় দাঙ্গা

বিশ্বকাপ ফাইনালের ফল ঘিরে দুই দেশে দুইরকম পরিস্থিতি
বিশ্বকাপ ফাইনালের ফল ঘিরে দুই দেশে দুইরকম পরিস্থিতি | ছবি: এখন টিভি
0

বিশ্বজয় করে সোনালি ট্রফি হাতে দেশে ফিরেছে স্পেনের বীরের দল। তাদের বরণ করতে অপেক্ষায় স্পানিশ রাজা থেকে শুরু করে রাজপথে হাজারো ভক্ত-সমর্থক। অন্যদিকে, হতাশা আর বিশৃঙ্খলা বিরাজ করছে লিওনেল মেসির আর্জেন্টিনায়।

বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন ফুটবল দল। গতকাল (সোমবার, ২০ জুলাই) মাদ্রিদের আদলফো সুয়ারেজ বারাহাস বিমানবন্দরে অবতরণ করে বিশ্বচ্যাম্পিয়নদের বহনকারী বিমান। ট্রফি হাতে সবার আগে বিমান থেকে নামেন অধিনায়ক রদ্রি। তার সঙ্গে ছিলেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লৌজান।

রানওয়েতেই বিশ্বকাপ ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন স্পেনের ফুটবলাররা। এরপর বিশেষ বাসে করে বিমানবন্দর ত্যাগ করেন তারা। সামনে অপেক্ষায় ছিলো রাজা ষষ্ঠ ফেলিপ। তার সঙ্গে সাক্ষাতের পর মাদ্রিদের রাজপথে বিজয় শোভাযাত্রা।

বিমানবন্দরের বাইরে সকাল থেকেই ভিড় করেন হাজারো সমর্থক। স্পেনের পতাকা, গান, স্লোগান আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। নিউ ইয়র্কে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর রোববার (১৯ জুলাই) রাত থেকেই দেশজুড়ে শুরু হয় উৎসব। দেশে ফেরার পর সেই আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। প্রিয় দলের জয়কে এখনও তারা ভাবছেন স্বপ্নের মতো অনুভূতি।

স্প্যানিশ এক ফুটবল ভক্ত বলেন, ‘মনে হচ্ছে যেন এখনও স্বপ্ন দেখছি। বিজয়ের উচ্ছ্বাসের রেশ এখনও কাটেনি। সত্যি বলতে, আমরা আজ সংবাদপত্রও কিনে এনেছি, যাতে এটি স্মৃতি হিসেবে বাড়িতে রেখে দিতে পারি।’

আরও পড়ুন:

আরেক ভক্ত বলেন, ‘অসাধারণ অনুভূতি। সত্যি বলতে, আমার দৃঢ় বিশ্বাস ছিলো স্পেনই বিশ্বকাপটা দেশে নিয়ে আসবে। সেই বিশ্বাসেই আমরা গত রাত থেকেই উদযাপন করে চলেছি। আর এখনও সেই আনন্দে মেতে আছি।’

অন্যদিকে, পরাজয়ের বেদনায় সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে আর্জেন্টিনায়। বুয়েনস এইরেসের ওবেলিস্ক এলাকায় জড়ো হওয়া কিছু সমর্থক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর ও বোতল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ, মোটরসাইকেল ইউনিট এবং জলকামান। যদিও এখনও অনেকেই ভরসা রাখছেন মেসি ও তার দলের প্রতি।

এক আর্জেন্টাইন ভক্ত বলেন, ‘এই ম্যাচের ফল আমাকে খুবই কষ্ট দিয়েছে। মেসি আমাদের এরই মধ্যে সবকিছু দিয়েছেন। এখন আর তার কাছে কিছু চাওয়ার নেই। তিনি তার সমস্ত শক্তি, আবেগ আর জাদুকরী ফুটবল আর্জেন্টিনার মানুষকে উপহার দিয়েছেন। আর এই অবদানের যথাযথ স্বীকৃতি তিনি প্রাপ্য। যদিও দলের কাছে আমরা যেমন ফল চেয়েছিলাম, তেমন পাইনি; তবুও আমরা দলের প্রতি ভরসা রাখছি।’

একই বিশ্বকাপ ফাইনাল, কিন্তু দুই দেশের দুই ভিন্ন বাস্তবতা। স্পেনে বিশ্বজয়ের আনন্দে উৎসবের ঢেউ, আর আর্জেন্টিনায় পরাজয়ের হতাশা রূপ নেয় বিশৃঙ্খলায়। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের শেষ বাঁশি যেন দুই দেশের জন্য লিখে দিয়েছে দুই ভিন্ন গল্প।

এসএইচ