সেমিফাইনালে এমবাপ্পে-ইয়ামালের ‘পুরনো লড়াই’

সেমিফাইনালে মুখোমুখি ইয়ামাল-এমবাপ্পে
সেমিফাইনালে মুখোমুখি ইয়ামাল-এমবাপ্পে | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের লড়াইয়ের মাঝে থাকছে দুই তারকার দ্বৈরথও। একদিকে গোলের পর গোল করা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, অন্যদিকে স্পেনের আক্রমণের প্রাণভোমরা লামিনে ইয়ামাল। ক্লাব ফুটবলে দু’জন আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিনিধি।

একজনের পায়ের ছোঁয়ায় প্রতিনিয়ত জালের ঠিকানা খুঁজে নেয় বল। আরেকজনের পায়ের জাদুতে তৈরি হয় সেই গোলের পথ। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আর স্পেনের লামিনে ইয়ামাল- চলতি বিশ্বকাপে নিজেদের আলাদা আলাদা রূপে তাদের আবিষ্কার করছেন ভক্ত সমর্থকরা। এমনটাও বলছেন, এ যেন ক্লাব ফুটবলের ‘পুরনো লড়াই’ ফিরছে বিশ্বকাপ মঞ্চে।

চলতি আসরে দুর্দান্ত ছন্দে এমবাপ্পে। মাত্র ৬ ম্যাচে আট গোল ও তিন অ্যাসিস্ট জানাচ্ছে কতটা ভয়ংকর তিনি। ফরাসি আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ফরোয়ার্ড। বড় ম্যাচের চাপ সামলে বারবার একাই পার্থক্য গড়ে দিচ্ছেন এমবাপ্পে।

অন্যদিকে, পরিসংখ্যানে দেখে ইয়ামালের প্রভাব বোঝা অসম্ভব। নিজে মাত্র একটি গোল পেলেও স্পেনের আক্রমণের প্রায় প্রতিটি ছন্দে জড়িয়ে তিনি। ড্রিবলিং, নিখুঁত পাস, উইং দিয়ে উঠে এসে সুযোগ তৈরি- গোল না পেলেও লা রোহাদের মূল ভরসা ইয়ামালই।

আরও পড়ুন:

সেমিফাইনালে দুজনের দ্বৈরথে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে তাদের ক্লাব পরিচয়। এমবাপ্পে খেলেন রিয়াল মাদ্রিদে, আর বার্সেলোনায় লিওনেল মেসির উত্তরসূরি ধরা হচ্ছে ইয়ামালকে। এল ক্লাসিকোর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতার আঁচ যেন এবার বিশ্বকাপের সেমিফাইনালেও।

বিশ্বকাপ জয়ের স্মৃতির সঙ্গে ফর্মের চূড়ায় এমবাপ্পে, গড়েছেন অনেক নতুন রেকর্ড, অপেক্ষায় আছেন আরও কয়েকটির। অন্যদিকে তরুণ তুর্কি ইয়ামালের আত্মবিশ্বাস আর পরিণত ফুটবল এরই মধ্যে মুগ্ধ করেছে পুরো বিশ্বকে।

শেষ পর্যন্ত সেমিফাইনালের লড়াই শুধু ফ্রান্স-স্পেনের মাঝে সীমাবদ্ধ নেই। এটি হতে যাচ্ছে বর্তমানের অন্যতম সেরা দুই ফুটবলারের মুখোমুখি লড়াই।

এসএইচ