প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স

জয় উদযাপন করছে ফ্রান্স
জয় উদযাপন করছে ফ্রান্স | ছবি: সংগৃহীত
0

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো অপ্রতিরোধ্য ফ্রান্স। দলের হয়ে গোল করেছেন এমবাপ্পে ও দেম্বেলে। ম্যাচজুড়েই অ্যাটলাস সিংহদের ওপর একের পর এক আক্রমণ চালায় ফরাসিরা। ইউরোপিয়ান আগ্রাসী ফুটবলের গতির কাছে থেমে গেলো আফ্রিকান সিংহদের বিশ্বকাপ মিশন।

গেল বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলেছিল মরক্কো। চলতি আসরে সেই সেমিতে ওঠার লড়াইয়েই মুখোমুখি দুই দল। গতবার এই ফরাসিদের কাছে হেরে বিদায় নেয়া অ্যাটলাস সিংহদের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধেরও।

বোস্টনে ম্যাচের শুরু থেকেই মরক্কোর ওপর চড়াও হয়ে খেলতে থাকে ফ্রান্স। প্রথম ৫ মিনিটেই দুটি গোলের সুযোগ পায় তারা। দুবারই মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনু। ২৬ মিনিটে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেলেও দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন:

ফ্রান্সের হয়ে টানা ১৫টি পেনাল্টিতে গোল করা এমবাপ্পের জোরালো শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। এ সময় গোলের জন্য ফ্রান্সের ১৫টি শটের বিপরীতে মরক্কো নিতে পেরেছিল মাত্র একটি।

দ্বিতীয়ার্ধে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। ৬০ মিনিটে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার অষ্টম গোল, সবমিলিয়ে ২০তম। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে আরও একবার মেসিকে ছুঁয়ে ফেলেন ফরাসি তারকা।

ছয় মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে ফ্রান্স। এবারের গোলদাতা ওসমান দেম্বেলে। ম্যাচের শেষদিকে আরেকটি গোলের সুবর্ণ সুযোগ হারান জ্যা ফিলিপ মাতেতা। শেষ পর্যন্ত দুই গোলের জয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়ামের জয়ী দলের বিপক্ষে প্রথম সেমিফাইনালে খেলতে নামবে ফ্রান্স।

ইএ