ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে উত্তাপ; বোস্টন শহরজুড়ে সমর্থকদের উৎসব

বোস্টন শহরজুড়ে সমর্থকদের উৎসব আমেজ
বোস্টন শহরজুড়ে সমর্থকদের উৎসব আমেজ | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উত্তাপ শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে গ্যালারির বাইরেও। ফ্রান্স ও মরক্কোর মহারণের আগে বোস্টন শহরজুড়ে জমে উঠেছে দুই দলের সমর্থকদের উৎসব। আতশবাজি, গান আর স্লোগানে মুখর হয়ে উঠেছে ম্যাচ ভেন্যুর আশপাশ।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ঘিরে বুধবার থেকেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে বোস্টন। ম্যাচের আগের দিন শহরের বোস্টন কমন ও ওয়াটারফ্রন্টে জড়ো হন ফ্রান্স ও মরক্কোর হাজারো সমর্থক। জাতীয় পতাকা হাতে গান, ঢোল আর স্লোগানে নিজেদের দলের প্রতি সমর্থন জানান তারা। মরক্কোর সমর্থকদের কণ্ঠে বারবার শোনা যায় ‘দিমা মাগরেব’ অর্থাৎ ‘সবসময় মরক্কো’।

২০২২ বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কোকে এবার আর আন্ডারডগ মানতে নারাজ তাদের সমর্থকেরা। তাদের বিশ্বাস, আফ্রিকার এই দলটি এবার শিরোপার জন্য লড়াই করার মতোই শক্তিশালী। কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কো নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছে।

আরও পড়ুন:

অন্যদিকে ওয়াটারফ্রন্টে ঢাক-ঢোলের তালে জয়গান গেয়েছেন ফরাসি সমর্থকেরা। শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে-ডেম্বেলেদের নিয়েই তাদের প্রত্যাশা, আবারও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে ফ্রান্স। তবে মরক্কোর গতি, শৃঙ্খলা ও আক্রমণভাগের ধার সম্পর্কে সতর্কও তারা।

মাঠের লড়াই শুরুর আগেই সমর্থকদের কণ্ঠে উত্তাপ ছড়িয়েছে বোস্টন। এখন অপেক্ষা, গ্যালারির এই উন্মাদনা মাঠে কার হাসিতে রূপ নেয় ফ্রান্স, নাকি মরক্কো।

এসএইচ