৭০ হাজারেরও বেশি দর্শকের গগনবিদারী চিৎকারে ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়েকে চেপে ধরে মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচের মাত্র ৭ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের আক্রমণ সামলাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন প্যারাগুয়ের দামিয়ান বোবাদিলা, এতে ১-০ তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
এরপর শুরু হয় ফোলারিন বালোগানের ম্যাজিক। ৩১তম মিনিটে পুলিসিকের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়ে বিরতিতে যান এই তরুণ মার্কিন স্ট্রাইকার।
ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছুটা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে। যার ফলাফল ৭২ মিনিটে মাউরিসিও একটি গোল শোধ করে লা আলবিরোহাদের ম্যাচে ফেরার ক্ষীণ আশা জাগায়।
আরও পড়ুন:
তবে বদলি খেলোয়াড় জিওভানি রেইনা ডান পায়ের এক অসাধারণ ‘ত্রিভেলা’ শটে প্যারাগুয়ের গোলরক্ষককে পরাস্ত করলে ৪-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এ গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসে নতুন এক রেকর্ড সৃষ্টি হলো মার্কিনীদের। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম এক ম্যাচে ৪টি গোল করার কৃতিত্ব দেখাল মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ১৯৩০ সালের পর বালোগান প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে করলেন জোড়া গোল।
৩৮ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক টিম রিমের নিরেট রক্ষণ আর তরুণদের গতিময় আক্রমণ—সব মিলিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র।





