আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচ ঘিরেই বিশেষ ‘ওয়ার্ল্ড কাপ এক্সট্রাভ্যাগাঞ্জা প্যাকেজ’ চালু করেছে ‘দ্য মার্ক হোটেল’।
এই প্যাকেজে থাকছে চার রাতের বিলাসবহুল থাকা, নিউ ইয়র্ক থেকে স্টেডিয়ামে যাওয়ার জন্য ব্যক্তিগত হেলিকপ্টার যাত্রা, মাঠের মধ্যরেখার পাশে ছয়টি ভিআইপি টিকিট এবং ব্যক্তিগত লাউঞ্জ ব্যবহারের সুযোগ।
শুধু তাই নয়, অতিথিদের জন্য থাকবে ২৪ ঘণ্টার বাটলার, ম্যাসাজ থেরাপিস্ট ও কনসিয়ার্জ সেবা। সঙ্গে ব্যক্তিগত কর্মীদের জন্য অতিরিক্ত দু’টি কক্ষও বরাদ্দ থাকবে।
আরও পড়ুন:
বিশ্বকাপের আবহ আরও উপভোগ্য করতে হাডসন নদীতে ব্যক্তিগত নৌ-ভ্রমণ, স্টাচু অফ লিবার্টির পাশ দিয়ে বিশেষ ক্রুজ এবং হোটেলের ছাদে ব্যক্তিগত ডাইনিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষের দাবি, অতিথির যেকোনো ইচ্ছা পূরণে তারা থাকবে প্রস্তুত। তবে নিউ ইয়র্কের ফুটবল সমর্থকদের মধ্যে এই প্যাকেজ নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলছেন এটি জীবনের একবারের অভিজ্ঞতা, আবার কেউ মনে করছেন ম্যাচ দেখার জন্য এত বিপুল অর্থ ব্যয় করার প্রয়োজন নেই।
বিশ্বকাপ শুরু হবে ১২ জুন, আর মহারণের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। এক মিলিয়ন ডলারের এ স্বপ্নের প্যাকেজের ক্রেতা কারা হবেন— সেটা দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা।





