সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে কিমি আন্তোনেলি!

কিমি আন্তোনেলি
কিমি আন্তোনেলি | ছবি: সংগৃহীত
0

ফর্মুলা ওয়ানের ইতিহাসে নতুন অধ্যায় লেখার হাতছানি কিমি আন্তোনেলির সামনে। যুক্তরাষ্ট্র গ্রাঁ প্রিতে জিতলেই সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবেন এই ইতালিয়ান তরুণ। পোল পজিশন নিয়ে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করেছেন মার্সিডিজের এই চালক। তবে শিরোপার চাপ নয়, বরং ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর সময়টা উপভোগ করছেন আন্তোনেলি।

অস্টিনের সার্কিট অব দ্য আমেরিকাসে শনিবার বাছাইপর্বে চমক দেখিয়েছেন আন্তোনেলি। পোল পজিশনের লড়াইয়ে রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেনকে পেছনে ফেলেছেন দশমিক ১৭৯ সেকেন্ডে। চলতি মৌসুমে এটি তাঁর সপ্তম পোল পজিশন। শেষবার এমন কীর্তি গড়েছিলেন জুলাইয়ে বেলজিয়ান গ্রাঁ প্রিতে।

রোববারের রেসেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আন্তোনেলির সামনে। তবে এজন্য শুধু জয় পেলেই হবে না, তাকিয়ে থাকতে হবে প্রতিদ্বন্দ্বীদের ফলের দিকেও। রেস জিততে হবে তাঁকে, আর সতীর্থ জর্জ রাসেলকে শেষ করতে হবে অষ্টম স্থানের নিচে। একই সঙ্গে ফেরারির লুইস হ্যামিল্টনকে থাকতে হবে চতুর্থ স্থানের বাইরে। রাসেল ও হ্যামিল্টন শুরু করবেন যথাক্রমে ষষ্ঠ ও পঞ্চম স্থান থেকে।

চলতি মৌসুমে ১৭ রেসে আট জয় আন্তোনেলির। পয়েন্ট তালিকায় রাসেলের চেয়ে ১০২ এবং হ্যামিল্টনের চেয়ে ১১১ পয়েন্টে এগিয়ে তিনি। ফলে যুক্তরাষ্ট্রে শিরোপা নিশ্চিত না হলেও সামনে আরও সুযোগ থাকছে তাঁর। ম্যাক্স ভার্স্টাপেনের বিশ্বাস, এবার না হলেও মেক্সিকো কিংবা ব্রাজিল গ্রাঁ প্রিতেই আসতে পারে সেই মাহেন্দ্রক্ষণ।

বিশ্বচ্যাম্পিয়ন হলে নতুন ইতিহাস গড়বেন আন্তোনেলি। মাত্র ২০ বছর ৬১ দিন বয়সে শিরোপা জিতে ভেঙে দেবেন সেবাস্তিয়ান ভেটেলের রেকর্ড। ২০১০ সালে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সময় ভেটেলের বয়স ছিল ২৩ বছর ১৩৩ দিন। অস্টিনেই কি ইতিহাস গড়বেন এই তরুণ, নাকি অপেক্ষা বাড়বে আরও একটি রেস!

এফএস