এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবলাররা। ফিফার প্লেয়ার্স ভয়েস প্যানেলের সদস্য ও ফ্রান্সের সাবেক তারকা মিকায়েল সিলভেস্ত্রের এক বিবৃতিতে একাত্মতা জানিয়েছেন লুসি ব্রোঞ্জ, ইমানুয়েল পেতিত ও ডেভিড জেমসের মতো সাবেক তারকারা।
বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েই মূল বিতর্কের শুরু। সাবেক এ খেলোয়াড়দের স্পষ্ট বক্তব্য, সমর্থকদের আবেগ ও ফুটবলারদের মতামতকে উপেক্ষা করে নিছক ব্যবসায়িক স্বার্থেই সিদ্ধান্ত নিচ্ছেন ইনফান্তিনো। ফুটবল তার মূল চেতনা থেকে দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।
এর আগে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি অনাস্থা জানায়। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন তো সরাসরি আগামী মার্চের নির্বাচনে ইনফান্তিনোর পদত্যাগ বা চ্যালেঞ্জের মুখে পড়ার হুমকি দিয়ে বয়কটের বার্তা দিয়েছেন।
তবে এ ঝড়ের মধ্যেও নতুন করে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন ক্যামেরুন ফুটবল প্রধান স্যামুয়েল ইতো। ছোট দেশগুলো ও আফ্রিকান ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর ভূমিকা তুলে ধরেন এবং বিশ্বকাপের অংশীদারীত্ব বিক্রির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
সব মিলিয়ে, আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ এ সংস্থায় ক্ষমতার টানাপোড়েন এখন তুঙ্গে। আগামী দিনে ফিফার নেতৃত্ব কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।





